ডেস্ক নিউজ : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়া এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন জাতীয় ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উৎসবমুখর, মর্যাদাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়।















