জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, এনজিওগুলো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশীদার। জনকল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর সঙ্গে এনজিওগুলোর সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করে মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সভায় জেলার বিভিন্ন এনজিওর সার্বিক কার্যক্রম পর্যালোচনা, চলমান উন্নয়ন ও সামাজিক কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় এনজিওগুলোর কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।















