জিয়াউল হক : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
রোববার (১ নভেম্বর) সকালে পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা বিএনপির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হলে তাদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে তিনজন সফল আত্মকর্মী ও তিনজন সফল যুব সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ৭৩ জনের মধ্যে নির্বাচিত ছয়জনের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও দিবসটি উদ্যাপনের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


















