জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, এসআই কামরুল, এসআই আব্দুর রহিম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা রাজিব খানকে গ্রেপ্তার করেন। তিনি মৃত নুরুল ইসলামের ছেলে।
পরে রাজিব খানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল, যার গায়ে ‘Made in USA, N1101’ লেখা রয়েছে, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, গ্রেপ্তার রাজিব খানের বিরুদ্ধে এর আগেও মাদক, মারামারি, জুয়াসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

















