জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রামনগর এলাকায় স্থানীয়রা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করেন। পরে খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক দুজন হলেন—বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আটক জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাত থেকে স্থানীয় রেজাউল শেখের বাগানে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা এলাকায় নজরদারি শুরু করেন। শনিবার সকালে রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নাদিম ও জাকারিয়াকে স্থানীয়রা ঘেরাও করে আটক করেন। পরে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
















