Friday , 6 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা : বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ শিশু-কিশোর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা মহানগরে প্রথম সফরে এসে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের এ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছালে গ্যালারিতে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিশু-কিশোরেরা। হাত নেড়ে অভিবাদন জানালে প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুধু খুলনার শিশু-কিশোরদের জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের ছোট বন্ধুদের জন্য। দেশের প্রায় ৫০০টির বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের শিশু-কিশোরেরা এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। আগামী বছরের জুনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা পারো। ইউ ক্যান ডু ইট।” খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও শিশু-কিশোরদের প্রতিভা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কেউ নাচ করেছে, কেউ অভিনয় করেছে, কেউ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও তারা দক্ষতা অর্জন করতে পারে।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আগামী প্রজন্মের। শিশু-কিশোরদের শুধু পড়ালেখা করলেই হবে না, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে। কেউ ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা অন্য পেশায় যাবে। তবে বিশ্বকে জয় করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির জ্ঞানও অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ইতিমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর নিবন্ধন করেছে। এ সংখ্যা প্রমাণ করে, সুযোগ পেলে তারা নিজেদের প্রতিভা বিকাশে আগ্রহী। সরকারের দায়িত্ব তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা, যাতে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তৈরি করতে চান। পড়ালেখা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে পারলে তাদের সামনে বিশ্বে এগিয়ে যাওয়ার সুযোগ আরও বাড়বে। ভবিষ্যতে বাংলাদেশ অন্য দেশের উদাহরণ অনুসরণ না করে নিজেই বিশ্বের কাছে শক্তিশালী ও সফল দেশ হিসেবে উদাহরণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবারের আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ শিশু-কিশোর। এর মধ্যে ৯ লাখ ৪৪ হাজার ৮৩ জন বালক এবং ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন বালিকা। নিবন্ধিত খেলোয়াড়দের ৫৮ দশমিক ২ শতাংশ ছেলে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মেয়ে।

প্রতিযোগিতায় ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, সাঁতার, ভলিবল, মার্শাল আর্ট ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্টে অংশ নেবে শিশু-কিশোরেরা। প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। প্রথম আসরে নিবন্ধন ছিল প্রায় ১ লাখ ৬৮ হাজার। এবার নিবন্ধনের সংখ্যা বেড়ে ১৬ লাখের বেশি হয়েছে। আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম আসরের বিজয়ীদের মধ্য থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন মেয়ে ও ১২ জন ছেলে। নির্বাচিত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা প্রত্যেকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর, প্রত্যেকেই এই বাংলাদেশের মালিক। এই দেশ তোমাদের। এই বাংলাদেশকে তোমাদের গড়ে তুলতে হবে, পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে।”

তিনি শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরীকে বর্ণিল সাজে সাজানো হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। জেলা স্টেডিয়াম ও সার্কিট হাউস এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা প্রস্তুতি।

প্রধানমন্ত্রী বিকেল ৪টার দিকে খুলনা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে কিছু সময় বিরতির পর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সফর শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

আজ খুলনা-বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস, জিয়ারত করবেন খানজাহান আলী (রহ.)-এর মাজার

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

ফুলের শুভেচ্ছায় অধ্যক্ষকে বরণ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরিচিতি সভা

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পিরোজপুরে জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে