দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনসাধারণের ভোগান্তি নিরসন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করা এবং জনগণের সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উপজেলা প্রশাসন, নেছারাবাদ এ মতবিনিময় সভার আয়োজন করে।


















