দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :
পিরোজপুরের নেছারাবাদে পেটে টিউমারজনিত মারাত্মক রোগে আক্রান্ত ২৩ মাস বয়সী শিশু নাদিরা। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু অর্থাভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না অসহায় মা মোসা. নাজমুন্নাহার নাজমা। মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
নাজমুন্নাহার নাজমা নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সংগীতকাঠি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মৃত মো. মিরাজ। মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন এক সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারান তিনি। এরপর থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একমাত্র মেয়েকে নিয়ে জীবনযাপন করছেন।
বর্তমানে তাঁর মেয়ে নাদিরার বয়স ২৩ মাস। শিশুটি পেটে টিউমারজনিত জটিল রোগে আক্রান্ত। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকেরা দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না অসহায় এই মা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জীবিকার তাগিদে এবং মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে নাজমুন্নাহার নাজমাকে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি-মিয়ারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবং খেয়া পারাপারের ট্রলারে মানুষের কাছে সাহায্য চাইতে দেখা যায়।
স্বামীহারা এই মায়ের আকুতি, অর্থের অভাবে যেন তাঁর ছোট্ট মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়। সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে এলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
মানবিক সহায়তার হাত বাড়িয়ে একটি শিশুর চিকিৎসা ও সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারটি।
শিশু নাদিরার চিকিৎসায় কেউ আর্থিক সহায়তা করতে চাইলে সরাসরি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: মোসা. নাজমুন্নাহার নাজমা
মোবাইল: ০১৮২৬৩৯০২৭৫ (বিকাশ)।

















