মোঃ হাবিবুর রহমান :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, টিপু হাজরা, মো. রফিকুল ইসলাম ফরাজী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অনুপ কুমার সিকদার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন।
সভায় গত ১৫ নভেম্বর উপজেলার মালিখালীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ইউনিয়ন কার্যালয়সহ কয়েকটি দোকান ও বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী অগ্নিকাণ্ড ও হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















