ডেস্ক নিউজ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণেই দেশের ব্যাংকিং খাত সংকটে পড়েছে। তাদের অপকর্মের ফলেই বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার উন্নয়নের নামে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছে। এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি ব্যাংকিং খাতেও পড়েছে। ফলে বর্তমান সরকারকে একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি স্থাপনাগুলোতে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি সোলার সিস্টেম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাময়িক সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
আহম্মদ সোহেল মনজুর বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সরবরাহে যে সংকট সৃষ্টি হয়েছিল, তা অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তার দাবি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার সম্পন্ন করা হবে এবং অনলাইনভিত্তিক নানা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

















