জনপথ ডেস্ক : “জলের বুকে সাহসের ছাপ, জয়ের লক্ষ্যে নতুন ঝাঁপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বর্ষাকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো হলো—ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই ও রিলে রেস। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, “মাদকের ভয়াল গ্রাস থেকে ছাত্র-ছাত্রীদের দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এরই ধারাবাহিকতায় আজকের এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন।”
সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগীদের উৎসাহ দিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুকুরপাড়ে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্ষাকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আক্তারুজ্জামান শেখ রাহাত, জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সৃজনশীল জীবন গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
















