দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রায় ৬০ বছরের পুরোনো দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের ৪২ শতক জমি দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মো. শফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকার মধ্যেই জমিটি তাঁর নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করেছেন জমিদাতা পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এ কারণে দীর্ঘদিনের ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ হয়ে পড়েছে। জমি উদ্ধার করে সেখানে পুনরায় পূজা-অর্চনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের নামে থাকা জমিটির দাগ নম্বর ৯৫২ এবং খতিয়ান নম্বর ১৩০। কয়েক দশক ধরে ওই জমিতে শীতলা পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল বলে স্থানীয়দের ভাষ্য। সর্বশেষ বিএস রেকর্ডেও জমিটি আটজন শরিকের নামে রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
জমিদাতা পরিবারের সদস্যদের অভিযোগ, আট শরিকের একজনের অংশ নিয়ে করা একটি অনিবন্ধিত বায়না চুক্তির ভিত্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর জমিটি দখলে নেন শফিকুল ইসলাম হাওলাদার। এরপর থেকে সেখানে ধান চাষ করা হচ্ছে। সংশ্লিষ্ট শরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও জানিয়েছেন তাঁরা। তবে জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বিরোধটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
জমির মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, হালনাগাদ বিএস রেকর্ডে জমিটি আটজন শরিকের নামে রয়েছে। শফিকুল ইসলাম হাওলাদার একটি অনিবন্ধিত বায়না চুক্তির কথা উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা চলার মধ্যেই জমিতে ধান চাষ শুরু করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
মনোজ বিশ্বাসের ভাষ্য, তাঁদের পূর্বপুরুষেরা দীর্ঘদিন ধরে ওই জমিতে শীতলা পূজা করে আসছেন। জমিটি ফিরে পেলে সেখানে আগের মতো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের সদস্য সুমন আইচ বলেন, ছোটবেলা থেকেই তিনি ওই জমিতে শীতলা পূজা হতে দেখেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর জমিটি দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁর দাবি, জমির কাগজপত্র নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে সাড়া দেননি। ধর্মীয় কাজে ব্যবহৃত জমি নিয়ে এমন বিরোধের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে জমির মালিকানা, বায়না চুক্তি ও দখলসংক্রান্ত অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সমুদয়কাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু হানিফ বলেন, শফিকুল ইসলাম হাওলাদার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জমিসংক্রান্ত বিষয়টি তাঁর ব্যক্তিগত। ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার সদস্যসচিব প্রলয় মন্ডল বলেন, সমুদয়কাঠী এলাকায় জমি দখল, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়ে তাঁরা সরেজমিনে গিয়েছিলেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি সাড়া দেননি বলে অভিযোগ করেন তিনি। জমিসংক্রান্ত বিরোধের আইনানুগ নিষ্পত্তি এবং সংশ্লিষ্টদের ধর্মীয় অধিকার সুরক্ষার দাবি জানান প্রলয় মন্ডল।
স্থানীয়দের প্রত্যাশা, জমির রেকর্ড, বায়না চুক্তি ও আদালতে চলমান মামলার নথি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরোধটির নিরপেক্ষ তদন্ত করবে। একই সঙ্গে জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের এ বিরোধের নিষ্পত্তি সম্ভব হবে।

















