জনপথ ডেস্ক : পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক ও নজরুল গবেষক রাহিলা খাতুন এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।


















