জনপথ ডেস্ক : পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. সনিয়া হাওলাদার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নরখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই আতিক, এসআই আব্দুর রহমান ও তাদের সংঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়। পরে দলটি নরখালী এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মো. আলমগীর শেখের আধাপাকা টিনশেড বসতঘরের সামনের উঠান থেকে সনিয়া হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সনিয়া হাওলাদার নরখালী এলাকার বাসিন্দা। তিনি মো. আলমগীর হোসেন শেখের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুব বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নরখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার সনিয়া হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

















