জনপথ ডেস্ক : বঙ্গোপসাগরে অনুমোদনহীন কাঠের বডির ট্রলিং জলযান দিয়ে মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এসব জলযানে ছোট ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ ও পোনা আহরণের ফলে সাগরে মাছের পরিমাণ কমছে। এতে হুমকির মুখে পড়ছে সাধারণ জেলেদের জীবিকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ট্রলার মালিক ও জেলে পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বগা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম আমানী, জেলে আক্কাস আলী, সাইদুল মোল্লা, নজরুল ইসলাম ও আশারেফ মোল্লা প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বঙ্গোপসাগরে কাঠের বডির যেসব ট্রলিং জলযান দিয়ে মাছ আহরণ করা হচ্ছে, সেগুলোর কোনো অনুমোদন নেই বলে তাঁদের দাবি। এসব জলযানে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। বিক্রির উপযোগী মাছ রেখে অবশিষ্ট মাছ মেরে ফেলা হয়। তাঁদের দাবি, এতে সাগরের ৩২৪ প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। ফলে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সাগরে মাছের পরিমাণও কমছে।
জেলেরা বলেন, এভাবে মাছ আহরণ অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে বঙ্গোপসাগরে মাছের সংকট আরও তীব্র হতে পারে। ইতিমধ্যে সাগরে ইলিশের সংখ্যাও কমে গেছে বলে তাঁরা দাবি করেন। অন্যদিকে সাধারণ জেলেরা বড় ফাঁসের জাল ব্যবহার করে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করেন। অবৈধ ট্রলিংয়ের কারণে তাঁদের মাছ ধরার সুযোগ ও আয় কমে যাচ্ছে।
বগা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম আমানী বলেন, ‘একসময় বঙ্গোপসাগরে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু দিন দিন মাছের সংখ্যা কমছে। এর অন্যতম কারণ ট্রলিংয়ের মাধ্যমে ছোট মাছ ও পোনা ধ্বংস করা। এতে সাধারণ জেলেরা আর্থিক সংকটে পড়ছেন, পাশাপাশি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি—অবৈধ ট্রলিং বন্ধ করতে হবে। পাশাপাশি ট্রলিংয়ের মাধ্যমে আহরণ করা মাছের ক্রয়-বিক্রয় বন্ধে নিষেধাজ্ঞা দিতে হবে।’
মানববন্ধন থেকে ট্রলিংয়ের মাধ্যমে আহরণ করা মাছ বিক্রি হয়—এমন বাজারগুলোতে অভিযান পরিচালনারও দাবি জানান জেলে ও ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, অবৈধ ট্রলিং বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ জেলেদের জীবিকা রক্ষা করা সম্ভব হবে।


















