স্টাফ রিপোর্টার :
বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।














