জনপথ ডেস্ক : পিরোজপুরে বয়স যাচাইয়ের কোনো প্রামাণ্য নথি ছাড়াই ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে ঘোষণামূলক এফিডেভিট করার অভিযোগ উঠেছে দুই আইনজীবী ও এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এফিডেভিট সম্পাদনের সময় কিশোর-কিশোরীর কাছে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা বয়স প্রমাণের অন্য কোনো নথি ছিল না। এমনকি সেখানে কোনো অভিভাবক বা সাক্ষীও উপস্থিত ছিলেন না।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে পিরোজপুর আদালত এলাকায় সদর উপজেলার জুজখোলা এলাকার আব্দুল্লাহ আল মাহমুদ (১৯) ও জান্নাতুন ফেরদৌসীর (১৫) নামে এফিডেভিটটি করা হয় বলে জানা গেছে। আইনজীবী সহকারী জাকারিয়ার সহযোগিতায় এডভোকেট বাসুদেব হালদারের প্রত্যয়ন এবং এডভোকেট সুজিত কুমার মন্ডলের স্বাক্ষরে এফিডেভিটটি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে এডভোকেট বাসুদেব হালদারের কাছে জানতে চাইলে তিনি বয়স প্রমাণের প্রয়োজনীয় কোনো নথি যাচাই না করেই এফিডেভিটে স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে।
অন্যদিকে এডভোকেট সুজিত কুমার মন্ডল দাবি করেন, এফিডেভিটে কোনো ভুল হয়নি। সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে একপর্যায়ে তিনি বলেন, ‘আপনারা যা করতে পারেন করেন।’ উপস্থিত সাংবাদিকদের ভাষ্য, ওই বক্তব্যের মাধ্যমে তাদের হুমকি দেওয়া হয়েছে।
এদিকে সুজিত কুমার মন্ডলের আইনজীবী হিসেবে পেশাগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন পিরোজপুরের কয়েকজন আইনজীবী। তাদের দাবি, তিনি পিরোজপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য নন এবং কয়েক বছর আগে তাঁর আইনজীবী সনদ বাতিল হয়েছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত নথি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পিরোজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.কে.এম. আউয়াল গণমাধ্যমকে বলেন, এডভোকেট সুজিত কুমার মন্ডল পিরোজপুর আইনজীবী সমিতির সদস্য নন এবং তাঁর প্র্যাকটিস করার অনুমতিও নেই।
অভিযোগের বিষয়টি সামনে আসার পর অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বয়স যাচাই না করে কীভাবে বিয়ে ঘোষণামূলক এফিডেভিট করা হলো, তা তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে এফিডেভিট সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্ট দুই আইনজীবী ও আইনজীবী সহকারীর ভূমিকা এবং সুজিত কুমার মন্ডলের পেশাগত বৈধতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


















