জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধারের পর দীর্ঘ ১১ দিনের অপেক্ষার অবসান হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
নিহত মুক্তার পরিচয় শনাক্ত করা হয়েছিল গলায় থাকা একটি লকেট দেখে। তাঁর স্বামী দেওয়ান ফয়সাল লকেটটি দেখে দেহাবশেষ শনাক্ত করেন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কয়েক ঘণ্টার তল্লাশির পর ইনানীর পাটুয়ারটেক এলাকার পুড়ে যাওয়া রিসোর্টের ধ্বংসস্তূপ থেকে মুক্তার দেহাবশেষ উদ্ধার করে পুলিশ।
গত ১৭ অক্টোবর ইনানীর টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন মুক্তা। তিনি ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে ওই রিসোর্টে উঠেছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের পর অন্য নিহতদের পরিচয় শনাক্ত করা হলেও মুক্তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া ১০ জনের মরদেহের মধ্যেও তাঁর দেহাবশেষ পাওয়া যায়নি। ফলে প্রিয়জনের খোঁজে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।
পরে নতুন করে তল্লাশি চালিয়ে রিসোর্টের ধ্বংসস্তূপ থেকে মুক্তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এতে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ জনে।
মুক্তার স্বামী দেওয়ান ফয়সালের অভিযোগ, শুরু থেকেই যথাযথভাবে তল্লাশি চালানো হলে আরও আগেই তাঁর স্ত্রীর সন্ধান পাওয়া যেত। উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ও পরিবারের সদস্যরা।
দীর্ঘ ১১ দিনের অপেক্ষার পর মুক্তার দেহাবশেষ উদ্ধার হলেও তাঁকে আর জীবিত ফিরে পাওয়ার সুযোগ হয়নি স্বজনদের। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে দাদার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
















