স্টাফ রিপোর্টার : জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী)’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মোছা. শিরিন খানম। দীর্ঘদিন ধরে যুবসমাজের উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার স্বীকৃতি হিসেবে এ অর্জন তাঁর।
জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৭ সাল থেকে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে শিরিন খানম যুব উন্নয়ন ও বিভিন্ন সামাজিক-মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। প্রায় ১৭ বছর ধরে তাঁর এসব কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখছে।
শিরিন খানমের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনা এবং অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি এবং বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়তা করে আসছেন তিনি।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও মানবিক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর কাজের অন্যতম লক্ষ্য।
জাতীয় পর্যায়ে এ অর্জনে পিরোজপুর জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মোছা. শিরিন খানমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তাঁর এ সাফল্য জেলার অন্যান্য যুব সংগঠক, বিশেষ করে নারী সংগঠকদের সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়ার কর্মসূচি রয়েছে।

















