মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়া এলাকার নাজিম শেখ (২৬), একই এলাকার রিয়াজুল সিকদার (২৭), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকার হৃদয়শীল (২২), পিরোজপুর সদর উপজেলার আদর্শপাড়া এলাকার সাগর হোসেন (২৫) এবং মাছিমপুর এলাকার তারেক শেখ (২৫)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেন। মামলাগুলোতে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
















