মোঃ হাবিবুর রহমান : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব উদ্যোক্তাদের মাঝে ৫ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ এবং বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি যুব উদ্যোক্তাদের হাতে মোট ৫ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান শামীম। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন শাহনাজ খানম ও তানজিম হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ছুরত আলী এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
জাতীয় যুব দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী আত্মকর্মী ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং এক মাসব্যাপী মেয়াদি ওয়েল্ডিং ও হস্তশিল্পবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং সহজ শর্তে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
















