ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২৯ জুন) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি আসামিপক্ষের আইনজীবী ও পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট পাঁচটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে তার বিরুদ্ধে চারটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দায়ের করা হয়। এছাড়া আরও একটি মামলায় তিনি আসামি রয়েছেন।
শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
তিনি নাজিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুর রহমানের ছেলে।


















