ডেস্ক নিউজ : ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরার অধিবেশনে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার সভাপতি এবং মাওলানা মো. মনিরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত অধিবেশনে জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
অধিবেশনে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য ও দায়িত্বশীলরা অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল হাসান। অধিবেশনের একপর্যায়ে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠন করা হয় এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।














