ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন শেখ সুজন (৪৫)। তিনি পিরোজপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুর এলাকার বাসিন্দা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















