ডেস্ক নিউজ : পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র এবং সদর থানার ঠিক সামনেই অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে দেখতে পান, দোকানের শাটারের হুক কাটা এবং তালা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকানের মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসানকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকানের মালিক দেখতে পান, দোকানের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য চুরি করে নিয়ে গেছে। তবে কী পরিমাণ অর্থ ও মালামাল খোয়া গেছে, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং পিরোজপুর সদর থানার পুলিশ সদস্যরা।
সদর থানার একেবারে সম্মুখে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, এমন গুরুত্বপূর্ণ এলাকায় যদি ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে অন্য এলাকাগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
দোকান মালিক পিরোজপুর চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মেহেদী হাসান বলেন, “থানার সামনেই যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদে ব্যবসা করব? প্রশাসনের কাছে আমার দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হোক।”
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

















