ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মসজিদে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান লিটনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনি।
আয়োজক মো. লুৎফর রহমান লিটন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।















