ডেস্ক নিউজ : দেশব্যাপী চলমান ‘হিটওয়েভ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে বুধবার (১ জুলাই) জেলা শহরের বিভিন্ন স্থানে রিকশাচালক, মুচি ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
তীব্র গরমে প্রতিদিন খোলা আকাশের নিচে কাজ করা প্রান্তিক ও মেহনতি মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত শ্রমজীবী মানুষের হাতে ছাতা তুলে দেওয়া হয়।
ছাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, চলমান দাবদাহে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খোলা পরিবেশে কর্মরত শ্রমজীবী মানুষ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই রেড ক্রিসেন্টের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক সহায়তামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাতা বিতরণের পাশাপাশি তীব্র গরমে সুস্থ থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
ছাতা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
















