জিয়াউল হক : পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়দেবীতলা এলাকায় পুলিশ অফিসার্স মেসসংলগ্ন ফাঁকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহীন (৫৫) ও মো. হাসান (২৭)। তাঁরা পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়দেবীতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

















