ডেস্ক নিউজ : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
অভিযানে হরিণপালা গ্রামের বাসিন্দা মো. শামীম হাওলাদার (৪৮) ও মো. আল আমিনকে (৩১) ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
















