জনপথ ডেস্ক : সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পিরোজপুরে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় জেলায় ৪৯২ জন তথ্যসংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে ১২০টি ট্যাবের মাধ্যমে জেলার সাতটি উপজেলায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার সাতটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রাহকরা পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করবেন। সুপারভাইজাররা এ কার্যক্রম তদারকি করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ পরিচালিত হবে।
নিয়োগের তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলায় ৪৪ জন, কাউখালীতে ২৯ জন, জিয়ানগরে ৩৪ জন, ভান্ডারিয়ায় ৭০ জন, মঠবাড়িয়ায় ১১৭ জন, নেছারাবাদে ৯২ জন, নাজিরপুরে ৭৪ জন এবং শহর সমাজসেবা কার্যালয়ে ৩২ জন তথ্যসংগ্রাহক নিয়োগ দেওয়া হয়েছে। এসব সংখ্যার মধ্যে নিয়মিত ও রিজার্ভ কর্মী অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানানো হয়।
অন্যদিকে, সুপারভাইজার হিসেবে পিরোজপুর সদরে চারজন, কাউখালীতে তিনজন, জিয়ানগরে তিনজন, ভান্ডারিয়ায় সাতজন, মঠবাড়িয়ায় ১২ জন, নেছারাবাদে নয়জন, নাজিরপুরে আটজন এবং শহর সমাজসেবা কার্যালয়ে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, “পিরোজপুর জেলায় তথ্য সংগ্রহের জন্য ৫৪১টি ট্যাবের মধ্যে ইতিমধ্যে ১২০টি পাওয়া গেছে। বাকি ট্যাবগুলো পর্যায়ক্রমে পাওয়া যাবে। আগামীকাল থেকে জেলার সাতটি উপজেলায় প্রাথমিকভাবে ১২০টি ট্যাবের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম সফল করতে আমরা সব সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।”
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার এবং যোগ্য পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করার পাশাপাশি কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

















