ডেস্ক নিউজ : “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ, পিরোজপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুরের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাহামুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এবং জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের সম্ভাবনা বিকাশে পরিবার পরিকল্পনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে মাঠপর্যায়ে সেবাদানে বিশেষ অবদান রাখায় জেলার আটজন এবং পিরোজপুর সদর উপজেলার ছয়জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।


















