জনপথ ডেস্ক : পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খামকাটা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মামার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মো. হাফিজুল (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটি তার নানা-নানির সঙ্গে বসবাস করে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করে।
শিশুটির নানা মো. কামাল হাওলাদার জানান, শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে তার নানি শিশুটির গোপনাঙ্গে ব্যথার কথা জানতে পারেন। ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেলে হাফিজুল মামা তাকে খামকাটা আবাসনের পাশে শ্রমিকদলের একটি পরিত্যক্ত অফিসের ভেতরে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে ‘খারাপ কাজ’ করা হয়েছে বলে শিশুটি পরিবারের কাছে অভিযোগ করে। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও শিশুটি জানায় বলে দাবি করেন তার নানা।
পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা অভিযুক্ত হাফিজুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, শনিবার রাত ১১টা ৫০ মিনিটে পুলিশ পাঁচ বছরের একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন এবং শিশুটির অভিভাবকরা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। পরে শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গাইনি বিভাগের চিকিৎসক পরবর্তী সময়ে শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা করবেন।
অভিযুক্ত হাফিজুলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার নামাজপুর-ভাইজোড়া এলাকায়। সে মৃত ওয়ারেছ মল্লিক ও হাজেরা বেগমের ছেলে। পেশায় সে অটোরিকশাচালক। মায়ের সঙ্গে সে তার নানাবাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খামকাটা এলাকায় বসবাস করত। তার নানা মৃত এস্কেন্দার আলী হাওলাদার।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে একটি শিশুর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে এবং অভিযুক্তকে এলাকাবাসী আটকে রেখেছেন—এমন খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি শিশুটির মেডিকেল পরীক্ষা করা হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, পাঁচ বছরের শিশুর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপিত হয় এবং ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার আগে পরিণতির কথা চিন্তা করে।
















