জনপথ ডেস্ক : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।
আয়োজক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শুধু চারা গ্রহণ না করে, বরং সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও ভূমিকা রাখে, সে বিষয়েও তাদের উৎসাহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।


















