Friday , 23 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

চিকিৎসক সংকটে পিরোজপুর জেলা হাসপাতাল ২৫০ শয্যার হাসপাতালের জন্য ১৭৭ চিকিৎসকের পদ সৃজন, নিয়োগ হয়নি; ১০০ শয্যার হাসপাতালে ৬২ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৬ জন

জিয়াউল হক: আধুনিক অবকাঠামো নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনে জরুরি বিভাগ ও দ্বিতীয় তলায় ডেঙ্গু ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। তবে নতুন ভবনে চিকিৎসাসেবা চালু হলেও কাটেনি চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলসংকট। ফলে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া এবং কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য থাকা এবং নতুন হাসপাতালের জন্য চিকিৎসক নিয়োগ না হওয়ায় এ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০০ শয্যার পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৬২টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। শূন্য রয়েছে ৪৬টি পদ। সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এর মধ্যে নতুন ভবনে জরুরি বিভাগ ও ডেঙ্গু ওয়ার্ডের কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যমান চিকিৎসক ও জনবলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, নতুন ২৫০ শয্যার হাসপাতালের জন্য ১৭৭ জন চিকিৎসকের পদ সৃজন করা হলেও এখন পর্যন্ত এসব পদে কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে নতুন ভবনের কার্যক্রম শুরু হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল ছাড়া পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিস্থাপক ছাড়াই বদলি বিশেষজ্ঞ চিকিৎসক
হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটও উদ্বেগজনক। প্রায় তিন থেকে চার মাস আগে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার আলী আহমেদ বদলি হয়ে চলে গেছেন। সম্প্রতি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুরঞ্জিত সাহারও বদলির আদেশ হয়েছে। তবে তাঁদের কারও স্থলে এখন পর্যন্ত বিকল্প চিকিৎসক পদায়ন করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকের এমন সংকটে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে নাক-কান-গলা ও মেডিসিন-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। এতে রোগীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে বিদ্যমান ১০০ শয্যার হাসপাতালেই চিকিৎসকসংকট প্রকট, সেখানে প্রয়োজনীয় জনবল নিয়োগ ছাড়াই ২৫০ শয্যার নতুন ভবনের কার্যক্রম কীভাবে পূর্ণাঙ্গভাবে পরিচালিত হবে? তাঁদের মতে, শুধু ভবন নির্মাণ ও সেবা চালু করলেই স্বাস্থ্যসেবার মান বাড়বে না। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মী নিয়োগ নিশ্চিত করা জরুরি।
চিকিৎসক নিয়োগের আশ্বাস সিভিল সার্জনের
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে মাত্র ১৬ জন চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা পরিচালনা করা অত্যন্ত কঠিন। তারপরও সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। নতুন হাসপাতাল ভবনের চারটি ফ্লোর লিফট ছাড়াই চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকসংকট রয়েই গেছে। নতুন চিকিৎসক যোগদান না করে নতুন ভবনের কার্যক্রম চালু হলে বিদ্যমান জনবল দিয়ে সেবা দেওয়া আরও কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, নতুন হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন।
অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়েছে দুদক
চিকিৎসকসংকটের পাশাপাশি পিরোজপুর জেলা হাসপাতালের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে ডেঙ্গু পরীক্ষা, রোগীদের খাবার সরবরাহ, জেনারেটর ব্যবস্থাপনা এবং হাসপাতালসংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দালালচক্রের তৎপরতার বিষয় উঠে এসেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, অভিযানে ডেঙ্গু পরীক্ষার প্রতিবেদন পেতে রোগীদের দীর্ঘ অপেক্ষা এবং ডেঙ্গু ওয়ার্ডে খাবার সরবরাহ নিয়ে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হয়।
দুদকের অভিযানের বিষয়টি হাসপাতালের সেবাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগগুলোকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে তদন্ত ও নথিপত্র যাচাইয়ের ফলাফল গুরুত্বপূর্ণ।
ভবন নয়, মানসম্মত সেবা চান রোগীরা
স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীদের মতে, নতুন ভবন চালু হওয়া জেলার স্বাস্থ্যসেবার জন্য ইতিবাচক পদক্ষেপ। তবে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল ছাড়া কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁদের দাবি, নতুন ভবনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শূন্য পদগুলো পূরণ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং হাসপাতালের ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর সঙ্গে চিকিৎসক ও নার্স নিয়োগ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। অন্যথায় আধুনিক ভবন চালু হলেও রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালকে কার্যকরভাবে ২৫০ শয্যার হাসপাতালে রূপ দিতে হলে শুধু অবকাঠামো চালু করাই যথেষ্ট নয়। দ্রুত চিকিৎসক নিয়োগ, প্রতিস্থাপকসহ বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠা করাও জরুরি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

পরিচ্ছন্ন ও সবুজ শিক্ষাঙ্গন গড়তে পিরোজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের সচেতনতা সভা

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

চিরবিদায় নিলেন ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি, পিরোজপুরের কৃতী সন্তান আমির খসরু