মোঃ হাবিবুর রহমান : পিরোজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আব্দুর রব। শুক্রবার (৬ নভেম্বর) বাদ মাগরিব আনুষ্ঠানিকভাবে তিনি এ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে সহকারী অঞ্চল পরিচালক মাওলানা ফখরুদ্দিন খান রাযী উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুর রব এর আগে পিরোজপুর পৌরসভা জামায়াতের আমীর, জেলা সেক্রেটারি ও জেলা নায়েবে আমীরসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে জেলার পৌরসভা ও উপজেলা পর্যায়ের পুরুষ ও মহিলা রুকনরা উপস্থিত ছিলেন।
বাদ মাগরিব মাওলানা বেলায়েত হোসাইনের অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফখরুদ্দিন খান রাযী।
শপথ বাক্য পাঠের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুর রব অশ্রুসিক্ত ও বাষ্পরুদ্ধ কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন। এ সময় উপস্থিত অনেককেও আবেগাপ্লুত হতে দেখা যায়।
শপথ গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, পিরোজপুরের মাটিতে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শায়িত আছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পিরোজপুরের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন মতিউর রহমান আকন্দ। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


















