ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই পিরোজপুর জেলার যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে করা হয়েছে। এর ধারাবাহিকতায় পিরোজপুর জেলায়ও এ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি এসব গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।


















