জিয়াউল হক :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু পরবর্তী গার্ড অব অনার প্রদান ও দাফনে বাঁধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে মানিক পশারীর মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে কোন আপত্তি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহিদুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক বীর প্রতিক, জেলা কমিটির সদস্য রাজ্জাক সরদার, আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার। এ সময় অন্য মুক্তিযোদ্ধা, তাদের সন্তানসহ অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। কারও কাছে তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি না করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়া দুই ব্যক্তির মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, আব্দুস সালাম বাতেন বীর মুক্তিযোদ্ধা হলেও মির্জা জহিরুল হক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা নন। এ অবস্থায় মির্জা জহিরুল হক কীভাবে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয়ে বক্তব্য দিয়েছেন, তা জানতে চাইবেন বলে জানান তাঁরা।
বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সহ ভবিষ্যতে যাতে কোন বীর মুক্তিযোদ্ধাকে তার জীবদ্দশায় বা মৃত্যু পরবর্তী লাঞ্ছিত হতে না হয় তার জন্য সরকারের নিকট আহ্বান জানান।















