মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট তিনটি ভবনসহ বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তিনি পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পিরোজপুরে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও নির্মাণসামগ্রী সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নির্মাণসামগ্রী মজুদ করেছে। এখন পুরোদমে নির্মাণকাজ শুরু হবে।
প্রকল্পের আওতায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল পাইল ফাউন্ডেশনসহ ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ছয়তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ছয়তলা একাডেমিক ভবন নির্মিত হবে। পাশাপাশি ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ইনস্টিটিউটের রিটেইনিং ওয়াল, সীমানাপ্রাচীর ও মূল ফটক নির্মাণ করা হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তদারকিতে এবং প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়নকাজ শেষ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের পরিবেশ আরও সম্প্রসারিত হবে।

















