জনপথ ডেস্ক :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অনুমোদন ও চিকিৎসাসেবাসংক্রান্ত শর্ত পূরণ না করার অভিযোগে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’কে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট সব শর্ত পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার স্থানীয় রিজার্ভ পুকুরের উত্তর পাড়ে ফারিকতা প্লাজার নিচতলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে পৌর শহরের রিজার্ভ পুকুরপাড়ের জনসমাগমপূর্ণ স্থানে খোলা অবস্থায় পড়ে থাকা ইনজেকশনের সিরিঞ্জের সূত্র ধরে সংলগ্ন ভবনে অবস্থিত চক্ষু চিকিৎসা কেন্দ্রটির সন্ধান পাওয়া যায়।
পরে সেখানে অভিযান চালিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক উপস্থিত না থাকলেও কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ না করেই প্রতিষ্ঠানটির সহকারী মো. নাঈমুল ইসলাম (২৬) রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। এ সময় এক সেবাগ্রহীতাকে ভুল প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, “চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ না করে চিকিৎসাসেবা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব শর্ত পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
















