জিয়াউল হক :
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত তাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।
মজিবুর রহমান খালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বড় ছেলে তানভীর মুজিব অভি নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটির মেরামতকাজ শুরু করা হয়েছিল। এর মধ্যেই বুধবার গভীর রাতে একদল যুবক আকস্মিকভাবে বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মজিবুর রহমান খালেক সাংবাদিকদের জানান, গভীর রাতে তাঁদের বাড়িতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা পিরোজপুরের পাড়েরহাট এলাকায় তাঁর মালিকানাধীন একটি চালের মিলেও হামলা চালায়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















