মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুরে মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণ (DHRNS) প্রকল্পের আওতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের (HRDN) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির (এনইডি) সহযোগিতায় সভাটি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নেটওয়ার্কের আহ্বায়ক কাজী এমামুল হক। সদস্য সচিব রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পিরোজপুর জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মানবাধিকারকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আগামী এক মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা জেলার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
















